খুলনায় মসজিদে ঢুকে গুলির ঘটনায় ২ জন নিহত নয়, আহত হয়েছেন

গত ১৪ জুন খুলনা নগরের দৌলতপুরে বিএল কলেজ রোডে অবস্থিত ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে ফজরের নামাজের সময় দুর্বৃত্তরা ভেতরে ঢুকে গুলি চালায়। এ ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুজন নিহত হয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উল্লিখিত গুলির ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারিসহ দুজন নিহত হওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এ ঘটনায় কমিটির সেক্রেটারিসহ দুজন আহত হয়েছেন, তবে তারা কেউ মারা যাননি। বর্তমানে আহত দুই ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক জাতীয় গণমাধ্যমে এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, উক্ত ঘটনায় মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম ও আলম শেখ নামে দুজন আহত হন। আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে লোকমান হাকিমের শারীরিক অবস্থার অবনতি হয়। তাই চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে মসজিদের ভেতরে ঢোকে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম শেখও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা তাদেরকে উদ্ধার করেন।

তবে এ ঘটনার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও উদঘাটন করা সম্ভব হয়নি বলেও প্রতিবেদনগুলো থেকে জানা যায়।

সুতরাং, খুলনায় মসজিদে ঢুকে গুলির ঘটনায় দুইজন নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: