সম্প্রতি, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ছবি ব্যবহার করে ও তাকে উদ্ধৃত করে ‘খুব শীঘ্রই, দেলোয়ার হোসেন সাঈদীর সম্মানে ৭০ ফিট উঁচু মাজার নির্মাণ করা হবে, সরকারের সহযোগিতা কামনা করছি।’ শিরোনামে একটি ফটোকার্ড শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি মিজানুর রহমান আজহারী করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ পাওয়া যায়নি।
সাধারণত, মিজানুর রহমান আজহারী এ ধরনের বক্তব্য দিলে তা নিয়ে আলোচনা-সমালোচনা হতো এবং গণমাধ্যম ও তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও তার এ ধরনের বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি। তার ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, দেলাওয়ার হোসেন সাঈদীকে জড়িয়ে মিজানুর রহমান আজহারীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Mizanur Rahman Azhari – Facebook Page
- Mizanur Rahman Azhari – Website


