‘তারেক রহমানের বিএনপিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান’ দাবিতে নাফিসা কামালের নামে ছড়ানো মন্তব্যটি বানোয়াট

সম্প্রতি, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল ‘তারেক রহমানের বিএনপিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাফিসা কামাল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘লালমাইয়া টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘লালমাইয়া’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে ‘এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না এবং পেজটি একটি স্যাটায়ার এবং প্যারোডি ভিত্তিক পেজ’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘তারেক রহমানের বিএনপিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান’ শিরোনামে নাফিসা কামালকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Lalmaiya Tv – Facebook post

