২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় নাটোরের পুলিশ সুপার ‘আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে আমরা কোন পুলিশ একমত না’ বলে মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যাচ্ছে, নাটোরের পুলিশ সুপার ‘আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে আমরা কোন পুলিশ একমত না’ বলে মন্তব্য করেননি। প্রচারিত ভিডিওতেও তাকে এ ধরনের বক্তব্য দিতে শোনা যায় না। প্রকৃতপক্ষে, তার মূল বক্তব্যে তিনি আবু সাঈদকে গুলি করা সংশ্লিষ্ট পুলিশ সদস্যের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি বলেন, ওই পুলিশ সদস্যের গুলি করার সিদ্ধান্তের সঙ্গে কোনো পুলিশ একমত নয়।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণে এতে ডিবিসি নিউজের নাম ও লোগো দেখতে পাওয়া যায়। উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ‘DBC NEWS’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

৪ মিনিট ২ সেকেন্ড সময়ের দীর্ঘ ভিডিওটি বিশ্লেষণ করে পুলিশ সুপারকে বলতে শোনা যায়, “আবু সাঈদকে যে গুলি করেছে ২ জন, ৫ জন বা ২০ জন না, একজন পুলিশ গুলি করেছে। একজন পুলিশের গুলির কারণে ৫ তারিখ ঘটেছে বলা যায়। পুলিশের গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে, তাকে ওই মুহুর্তে গুলি করা যাবে না। কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই। তার হাতে একটা গাছের ডাল ছিল, সে দুই হাত মেলে দিয়েছিল তার আবেগ থেকে। আমি পুলিশ, অনেক জায়গায় প্রশিক্ষণ নিয়েছি আমরা। আমি গুলি করতে পারি না কোনোভাবেই। গুলি করা যাবে, তার নির্দিষ্ট নিয়ম আছে। যখন আমার জীবন ছিনিয়ে নিচ্ছে, অথবা তার দ্বারা জখম হওয়ার সম্ভাবনা থাকলে, এগুলোর কিছুই আবু সাঈদ করেনি। যেই পুলিশ আবু সাঈদকে গুলি করেছিল তার ওই কাজটা কোন পেশাদারিত্বের মধ্যে পড়ে নাই।”
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার একাধিক (যমুনা টেলিভিশন, চ্যানেল ২৪, বার্তা বাজার) সংবাদ মাধ্যমে আলোচিত প্রসঙ্গে খবর প্রচার হতে দেখা যায়। উক্ত সংবাদ প্রতিবেদনগুলো থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, আবু সাঈদ হত্যার ঘটনায় নাটোরের পুলিশ সুপার ‘আবু সাঈদ পুলিশের গুলিতে মারা গেছে আমরা কোন পুলিশ একমত না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।


