‘বেগম জিয়া ভণ্ড, মূর্খ এবং চরিত্র ঠিক ছিল না, তাঁর কোনো অবদান ছিল না’- নিলোফার চৌধুরী মনির নামে প্রচারিত উক্তিটি ভুয়া

সম্প্রতি, সংরক্ষিত নারী আসনের (ঢাকা-১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘বেগম জিয়া ভণ্ড, মূর্খ এবং চরিত্র ঠিক ছিল না, তাঁর কোনো অবদান ছিল না’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) ।

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে প্রচারিত পোস্টটি প্রায় ৩৭ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নিলোফার চৌধুরী মনি এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ, বক্তব্যের উৎস বা প্রাসঙ্গিক তথ্যসূত্র পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

অনুসন্ধানের অংশ হিসেবে নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি।

সাধারণত শীর্ষ পর্যায়ের কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে আলোচিত কোনো মন্তব্য করলে সেটি গণমাধ্যমে ব্যাপকভাবে সংবাদ আকারে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু খালেদা জিয়া সম্পর্কে নিলোফার চৌধুরী মনি এমন কোনো বিতর্কিত মন্তব্য করার তথ্য বিশ্বস্ত কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।

সুতরাং, নিলোফার চৌধুরী মনি ‘বেগম জিয়া ভণ্ড, মূর্খ এবং চরিত্র ঠিক ছিল না, তাঁর কোনো অবদান ছিল না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: