গত ১৩ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আফ্রিকার শক্তিশালী দল মরক্কোর মুখোমুখি হয়। গ্রুপ পর্বের ওই ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে সেলেসাওরা।
তবে ম্যাচের ফলাফলের বাইরে সেদিন আরেকটি বিষয় আলোচনায় আসে। গ্যালারিতে উপস্থিত ছিলেন এবারের ফিফার অফিশিয়াল গান ‘সির সির’-এর গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তার গায়ে ছিল মরক্কোর জার্সি, যা ব্রাজিল-আর্জেন্টিনার ব্যাপক জনপ্রিয়তার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।
এমন প্রেক্ষাপটে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের একটি পোস্টে দাবি করা হয়, নোরা ফাতেহি খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও ম্যাচটিতে ব্রাজিলকে সমর্থন না করে মরক্কোকে সমর্থন করছেন।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত টিকটকে প্রচারিত আলোচিত এই পোস্টটি দেখা যায় হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার ১০০ বার এবং প্রায় ৩ হাজার ৮৪৩ টি পৃথক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি খ্রিষ্টান ধর্মাবলম্বী নন, তিনি মুসলিম। এছাড়া, কানাডায় জন্মগ্রহণ করলেও তিনি মরক্কান বংশোদ্ভূত। ফলে নিজ দেশের প্রতি সমর্থন জানাতেই তিনি মরক্কোর জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন বলে অনুসন্ধানে জানা গেছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ইন্টারনেটে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, নোরা ফাতেহি একজন মরক্কান মুসলিম। নোরা ফাতেহির জন্ম কানাডায় হলেও তিনি একজন মরক্কান বংশোদ্ভূত। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবারের ফিফা আসরের ব্রাজিল-মরক্কো ম্যাচের আগেও ২০২৫ সালের আফ্রিকান কাপ অফ দ্যা নেশনসের সময় মরক্কোর জার্সি পরিহিত ছবি দেখতে পাওয়া যায়। সেসময় তার দেশকে সমর্থন জানানোর জন্যে সবাই ধন্যবাদ জানিয়ে আবেগঘন পোস্টও করেন তিনি।
পরবর্তীতে তার ধর্মীয় পরিচয়ের বিষয়ে জানতে বিস্তারিত অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো মাধ্যমে তার মুসলিম হওয়ার তথ্যটি স্পষ্টভাবে পাওয়া না গেলেও তার ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে গত রমজানের সময় প্রচারিত একাধিক ভিডিওর সন্ধান পাওয়া যায়। ভিডিওগুলোতে তাকে রমজানের শুরুতে সবাইকে রমজানের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে রমজান মাসে তার রোজা রেখে রিহার্সেল করলে জটিলতা দেখা দেওয়া প্রসঙ্গে বিভিন্ন আলাপ করতে দেখা যায়। এছাড়াও রণবীর আল্লাহবাদিয়া নামের একজন ভারতীয় ইউটিউবারের পডকাস্ট অনুষ্ঠাতে তাকে রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলতেও দেখা যায়। এসব তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, নোরাহ ফাতেহি খ্রিষ্টান ধর্মাবলম্বী নন বরং, একজন মরক্কান মুসলিম।
সুতরাং, জনপ্রিয় নৃত্যশিল্পী ও গায়িকা নোরাহ ফাতেহির খ্রিষ্টান ধর্মাবলম্বী হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- The Statesman Website: Nora Fatehi backs Morocco at FIFA World Cup 2026; the Bollywood star was born to a Moroccan family
- Nora Fatehi Instagram Post
- Nora Fatehi Instagram Post
- Nora Fatehi Tiktok Post: Ramadan Mubarak 🌙 ❤️
- Nora Fatehi Tiktok Post: Let me know your experience.. #ramadan #fasting #workout #norafatehi
- Nora Fatehi Tiktok Post: Ramadan update! 👀 #ramadan #fasting #update #norafatehi
- BeerBiceps Youtube Channel: Nora Fatehi LIKE NEVER BEFORE – Bollywood, Struggles, Reality Shows, Fame, Love & Spirituality | TRS
- Rumor Scanner’s Analysis


