অক্সফোর্ড ইউনিয়নে সেমিনারসহ একাধিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এরই প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহর ওপর লন্ডনে হামলা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের একটি ভিডিও, যা এখন ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ০৫ জুন ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইলে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে ছাত্রলীগের নতুন কমিটিতে মাহমুদুল হাসানকে সভাপতি করা হয়েছে। ২০২৪ সালের ০৪ আগস্ট মাহমুদুল হাসান একাই ১০-১৫ জন বিএনপি-জামাতের বিরুদ্ধে লড়েছিল। একপর্যায়ে পড়ে যাবার পর তার ওপর ব্যাপক মব করা হয় এবং হাসপাতালে ভর্তি হতে হয়।
আরো অনুসন্ধানে Showkat Hossain Khan নামের একটি ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ২০২৪ সালের ০৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ঘটনার ভিডিওর মিল পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন সূত্রে জানা যায়, ০৪ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আওয়ামীলীগ-বিএনপি মুখোমুখি এবং হাতাহাতির ঘটনার দৃশ্য এটি।
‘Parvej’s NewyorkDays’ নামের একটি পেজে একইদিনে প্রকাশিত একই ঘটনার আরেকটি ভিডিও থেকেও একই তথ্য পাওয়া যায়।

গুগল ম্যাপেও ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।
তবে ১৫ জুন স্থানীয় সময় বিকেলে লন্ডনে হাসনাতের ওপর ডিম নিক্ষেপের চেষ্টার ঘটনা ঘটে।
সুতরাং, হাসনাত আবদুল্লাহর ওপর লন্ডনে হামলা দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Showkat Hossain Khan: Facebook Video
- Parvej’s NewyorkDays: Facebook Video


