শেখ হাসিনাকে নিয়ে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর পুরোনো বক্তব্যের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি ‘জামিনের পর প্রথমবার বক্তব্যে সাদিক আবদুল্লাহ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, নৌকা থাকলে উন্নয়ন হয়’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বক্তব্যের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়া, ২০২৪ সালের আগস্টের পর তাকে গ্রেপ্তার বা পরবর্তীতে জামিন পাওয়ার কোনো তথ্যও পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া তার পুরোনো বক্তব্যের ভিডিওই সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘BHAUDDIN JAHANGER’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ০২ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

পরবর্তীতে, ‘Mia Bhauddin Jahanger’ নামক ফেসবুক পেজে ২০২২ সালের ২৫ আগস্টে একই ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

এছাড়া আরও অনুসন্ধানে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২২ সালের ১৩ আগস্ট প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই সময়ের আগস্ট মাসের অন্যান্য পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগ মাসব্যাপী ওয়ার্ডভিত্তিক কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে সাদিক আবদুল্লাহ বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন। প্রচারিত ভিডিওটিও মূলত শোক দিবস উপলক্ষে আয়োজিত এমনই একটি আলোচনা সভার দৃশ্য।

অর্থাৎ, এটি সাম্প্রতিক সময়ের ভিডিও নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সাদিক আবদুল্লাহ বরিশালের কালিবাড়ির বাসা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলে জানা যায়। এছাড়া, পরবর্তী সময়ে তাকে গ্রেফতার কিংবা জামিন সংক্রান্ত বিষয়েও দেশিয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও কোনো তথ্য উপাত্ত খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের একটি খণ্ডিত ভিডিওকে জামিন পাওয়ার পর প্রকাশ্যে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে বক্তব্য দিচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: