আর্জেন্টিনার জার্সিতে সেলিনা হায়াৎ আইভীর ভাইরাল ছবিটি এআই-সম্পাদিত

ফুটবল বিশ্বকাপ চলার মধ্যেই আর্জেন্টিনার জার্সি গায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার হচ্ছে। ‘ডা. সেলিনা হায়াৎ আইভী’ নামে ফেসবুকের একটি ফ্যান পেজ থেকে প্রচারিত ছবিটি প্রায় ১৮ হাজার রিয়েকশন পেয়েছে।

ফেসবুকে প্রচারিত ছবিটি দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে আইভীর প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তার ভিন্ন একটি ছবিকে সম্পাদনা করে আলোচিত এই ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে প্রায় একই ছবি পাওয়া যায়। ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিটির সাথে উক্ত ছবির পারিপার্শ্বিক মিল থাকলেও আইভীর গায়ে জার্সি নয়, বরং ছিল শাড়ি।

অর্থাৎ, ঢাকা ট্রিবিউনের তোলা এই ছবিটিকে সম্পাদনার মাধ্যমে আইভীর গায়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে দেওয়া হয়েছে।

প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।

এছাড়া, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী বিশ্বকাপে কোন দল সমর্থন করেন—এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো সাক্ষাৎকার, গণমাধ্যম প্রতিবেদন বা প্রকাশ্য বক্তব্য পাওয়া যায়নি।

সুতরাং, আর্জেন্টিনার জার্সি গায়ে সেলিনা হায়াৎ আইভী দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত।

তথ্যসূত্র

Share: