প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি নিয়ে মনিরা শারমিনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের সংযোগ তার চুরি হয় এবং পরবর্তীতে সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের একটি ভাঙারি দোকান থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নারী শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক মনিরা শারমিনের ছবি সদৃশ একটি ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে মনিরা শারমিন বলেছেন, ‘শুনলাম তারেক রহমানের লাল টেলিফোনের উদ্ধার হওয়া তারের মাত্র ৯০% উদ্ধার হয়েছে, তাহলে বাকি ১০% কি খাম্বার জন্য রেখে দিয়েছে?’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মনিরা শারমিন ‘শুনলাম তারেক রহমানের লাল টেলিফোনের উদ্ধার হওয়া তারের মাত্র ৯০% উদ্ধার হয়েছে, তাহলে বাকি ১০% কি খাম্বার জন্য রেখে দিয়েছে’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে এতে ‘ব্যঙ্গবাজার’ লেখা সংবলিত একটি লোগো পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘ব্যঙ্গবাজার’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ জুনে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। প্রচারিত পোস্টে #PoliticalSatire, #satire এরূপ হ্যাশট্যাগের সংযুক্তি পাওয়া যায়।

‘ব্যঙ্গবাজার’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘ব্যঙ্গ যারা বুঝে তাদের জন্য’। পাশাপাশি, পেজটির ক্যাটাগরি হিসেবে ‘Satire/Parody’ উল্লেখ পাওয়া যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
তাছাড়া, অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ছবিটি মনিরা শারমিনের আসল ছবি হওয়ার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, মনিরা শারমিন ‘শুনলাম তারেক রহমানের লাল টেলিফোনের উদ্ধার হওয়া তারের মাত্র ৯০% উদ্ধার হয়েছে, তাহলে বাকি ১০% কি খাম্বার জন্য রেখে দিয়েছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- ব্যঙ্গবাজার – Facebook Post
- Rumor Scanner’s analysis

