প্রথম আলোর ফটোকার্ড নকল করে সবজির বাজার পরিস্থিতি নিয়ে ভুয়া তথ্য প্রচার

সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান হারে বাড়ছে, বিশেষ করে কাঁচাবাজারে গেলে এই পরিস্থিতিতে মানুষকে নাকাল হয়ে ফিরতে হচ্ছে। এরকম সময়ে সম্প্রতি, ‘সবজির চড়া দাম সাহস করে জিজ্ঞেস করলেই মিলছে ফ্রীতে’ শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম প্রথম আলো’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘সবজির চড়া দাম সাহস করে জিজ্ঞেস করলেই মিলছে ফ্রীতে’ শীর্ষক শিরোনামে প্রথম আলো কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করে নি। মূলত, প্রথম আলোর ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে প্রথম আলোর লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১১ অক্টোবর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, প্রথম আলো’র ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি।

তবে, ১১ অক্টোবর, ২০২৪ তারিখে প্রথম আলোর ফেসবুক পেজে ‘সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা’ শিরোনামের প্রতিবেদনের একটি ফটোকার্ড পোস্ট করা হয়৷ উক্ত ফটোকার্ডের শিরোনাম ও শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইন বাদে এতে ব্যবহৃত ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনে সাথে আলোচিত ফটোকার্ডটির হুবহু মিল লক্ষ্য করা যায়৷ মূলত, এই ছবিটি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ‘সবজির চড়া দাম সাহস করে জিজ্ঞেস করলেই মিলছে ফ্রীতে’ শীর্ষক শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডের তৈরি করা হয়েছে৷

এছাড়া, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত অন্য কোনো সূত্রেও সবজির বাজার পরিস্থিতি নিয়ে এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, ‘সবজির চড়া দাম সাহস করে জিজ্ঞেস করলেই মিলছে ফ্রীতে’ শীর্ষক শিরোনামে প্রথম আলো’র নামে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: