‘যে কোনো মূল্যে ইসলামী ব্যাংক আমাদের লাগবে’ এমন মন্তব্য করেননি জামায়াত এমপি রফিকুল ইসলাম খান, সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১ জুন থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলছে। এ প্রেক্ষাপটে, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান ‘যে কোন মুল্যে ইসলামী ব্যাংক আমাদের লাগবে – না হলে আমাদের সংগঠন দুর্বল হয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানকে জড়িয়ে আমার দেশ এ ধরনের কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং তিনি এমন কোনো মন্তব্যও করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় রফিকুল ইসলাম খানের একটি ভিন্ন মন্তব্যসংবলিত আমার দেশ-এর ফটোকার্ড সম্পাদনা করে এবং গণমাধ্যমটির লোগো আংশিকভাবে পরিবর্তন করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দৈনিক আমার দেশের ফেসবুক পেজে গত ৪ জুন ‘দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে লোগোর পাশে “আমার” লেখার পরিবর্তে “জামায়াতের” শব্দটি সংযুক্ত করা হয়েছে। এবং শিরোনামের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।
মূল ফটোকার্ডটিতে ‘দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না: রফিকুল ইসলাম খান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর স্থলে ‘যে কোন মুল্যে ইসলামী ব্যাংক আমাদের লাগবে – না হলে আমাদের সংগঠন দুর্বল হয়ে যাবে: রফিকুল ইসলাম খান’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, আমার দেশের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ‘বিদ্যুতের অযৌক্তিক ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলেন যে, দেশের মানুষ লুটেরাদের ইসলামী ব্যাংক দখল করতে দেবে না। আপনারা বলতে পারেন, আমি কেন ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি- আমি ব্যাংকের একজন গ্রাহক। তাই কথা বলছি।
সুতরাং, ‘যে কোন মুল্যে ইসলামী ব্যাংক আমাদের লাগবে – না হলে আমাদের সংগঠন দুর্বল হয়ে যাবে: রফিকুল ইসলাম খান’ শীর্ষক মন্তব্য রফিকুল ইসলাম খান করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Post

