দিনাজপুরে ২০২৪ সালে স্কুলছাত্রীকে হেনস্তার পুরোনো ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, “১৭ বছর এরা আকাম কুকাম করতে পারেনি। এখন সুযোগ পেয়েই নিজের জাত চেনাচ্ছ”।
প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, মাদ্রাসা ছাত্র সদৃশ একজন ব্যক্তি একটি স্কুলছাত্রীকে হেনস্তা করে। অর্থাৎ, দাবি করা হয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট : নিউজ নাউ বাংলা, ফ্রিডম বাংলা নিউজ।
এছাড়াও, এরূপ দাবি বাংলাদেশ আওয়ামী লীগের এক্স অ্যাকাউন্ট থেকেও প্রচার করা হয়েছে। দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্কুলছাত্রীকে হেনস্তা ও শ্লীলতাহানির এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি গত ২০২৪ সালের মার্চ মাসে দিনাজপুরে ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে মূলধারার গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে “প্রকাশ্যে স্কুলছাত্রীকে জোর করে হাফেজের চুমু, অতঃপর যা ঘটলো” শিরোনামে ২০২৪ সালের ১৮ মার্চে প্রচারিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনটিতে প্রচারিত ভিডিওটির দৃশ্য প্রদর্শিত হয় এবং ভিডিওটি সম্পর্কে বলা হয়, দিনাজপুরে এক স্কুলছাত্রীকে জোর করে চুমু দিয়েছে এক হাফেজ। ঐ কান্ডের পর তার পালিয়ে যাবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছড়িয়ে পড়ে। এর তিন ঘন্টার মধ্যে অভিযুক্ত হাফেজ সাখাওয়াত হোসেনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাছাড়া, উক্ত প্রতিবেদনটিতে প্রচারিত ভিডিওটির প্রদর্শিত দৃশ্য পর্যবেক্ষণ করলে সিসি ক্যামেরায় তারিখ হিসেবে ১৭ মার্চ ২০২৪, রোববার দেখা যায়।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরে ২০২৪ সালের ১৮ মার্চে ‘স্কুলছাত্রীকে প্রকাশ্যে চুমু, যুবক গ্রেফতার’ শীর্ষক শিরোনামে এ বিষয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। উক্ত সংবাদ প্রতিবেদনটি থেকে জানা যায়, “দিনাজপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে চুমু খেয়ে শ্লীলতাহানি ও আহত করার ঘটনায় সাখাওয়াত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।… পুলিশ জানায়, দিনাজপুর শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী কালিতলায় চাচাতো বোনের বাসার উদ্দেশে রওনা হয়। এ সময় সাখাওয়াত হোসেন তার পিছু নেয়। ছাত্রীটি তার বোনের বাসার গেটের কাছে পৌঁছলে সাখাওয়াত হোসেন অতর্কিত তার মুখে জোরপূর্বক চুমু দিয়ে শ্লীলতাহানি ঘটায়। এ সময় স্কুলছাত্রী চিৎকার করার চেষ্টা করলে তার দুই গালে নখের আঁচড় দেয় সাখাওয়াত। এতে স্কুলছাত্রীর মুখে ও গালে বেশ জখম হয়। এরপর দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় সাখাওয়াত হোসেন।… সোমবার [১৮ মার্চ ২০২৪] আসামি সাখাওয়াত হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
সুতরাং, দিনাজপুরে ২০২৪ সালে স্কুলছাত্রীকে হেনস্তার পুরোনো ভিডিও সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

