ভারতীয় গণমাধ্যমে প্রচারিত শেখ হাসিনার সাম্প্রতিক ছবি দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে। প্রচারিত ছবিতে শেখ হাসিনার গায়ের রঙ বেশ কালো দেখা যায়। ছবিটি প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘ভারতীয় মিডিয়া এই ছবিটা প্রকাশ করছে এই ছবিতে অনেকগুলো বিষয় চলে আসে, প্রথমত পিছনে নেট মানে হাসিনা ইন্ডিয়াতেও বন্দী অবস্থায় আছে। দ্বিতীয় তার চেহারার বর্তমান অবস্থা তার ক্ষমতার প্রকাশ।’
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার আসল ছবি নয় এবং ভারতীয় মূলধারার কোনো গণমাধ্যমে উক্ত ছবি প্রচার করা হয়নি। প্রকৃতপক্ষে শেখ হাসিনার ভিন্ন একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি নিয়ে রিভার্স সার্চ করলে কোনো ভারতীয় গণমাধ্যমে আলোচিত ছবিটি প্রচার হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে অনলাইনে শেখ হাসিনার পুরোনো একটি ছবি পাওয়া যায়।

পুরোনো সেই ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে শেখ হাসিনার অঙ্গভঙ্গি, বসার অবস্থান, পোশাকের ডিজাইনসহ প্রায় সবকিছুর হুবহু মিল পাওয়া যায়। কেবলমাত্র দুই ছবিতে শেখ হাসিনার গায়ের রঙের পার্থক্য দেখা যায়। এছাড়া, এরূপ রঙের পার্থক্য বেশ অস্বাভাবিক যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে সম্পাদিত ছবিতে পরিলক্ষিত হয়।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এর ওয়েবসাইটে যাচাই করলে ছবিটি ওপেনএআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি বলে জানা যায়।
সুতরাং, ভারতীয় মিডিয়ায় প্রচারিত শেখ হাসিনার ছবি দাবিতে প্রচারিত ছবিটি প্রকৃতপক্ষে এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Sheikh Hasina’s Original Photo
- OpenAI
- Rumor Scanner’s analysis

