শিখ ট্রাকচালকের ভিডিওকে গরুবাহী ট্রাক রক্ষায় তলোয়ার হাতে মুসলিম চালকের প্রতিবাদের দাবিতে প্রচার

সম্প্রতি, ভারতে গরু বোঝাই ট্রাককে উগ্র হিন্দুত্ববাদীরা আক্রমণ করলে ট্রাকটির মুসলিম চালক তলোয়ার হাতে বেরিয়ে এসে তাদের প্রতিহত করে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ট্রাক ও বাস সংঘর্ষের ঘটনায় শিখ ট্রাক চালকের ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম India Today-এর ওয়েবসাইটে গত ১১ জুন উক্ত হামলার ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ভিডিওতে দেখতে পাওয়া ট্রাক চালক একটি বাসকে আঘাত করলে বাসটির চালক এবং হেল্পাররা ট্রাকটিকে আক্রমণ করে। এ সময় তাদের প্রতিহত করতে ওই ট্রাকচালক তলোয়ার হাতে ট্রাক থেকে নেমে আসেন বলে প্রতিবেদনে বলা হয়। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রাম এলাকায় ঘটে। পাশাপাশি আরও জানা যায়, আলোচিত ওই ট্রাকচালক একজন শিখ ধর্মাবলম্বী, মুসলিম নন। তবে ওই ট্রাকে গরু ছিল কিনা সে বিষয়ক কোনো তথ্য প্রতিবেদনটিতে পাওয়া যায়নি।
একই ঘটনায় আরেক ভারতীয় গণমাধ্যম আজতকে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া গেলেও সেখানেও গরুবহন সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের হরিয়ানায় বাস ও ট্রাকের সংঘর্ষের পর এক শিখ ট্রাকচালকের তলোয়ার হাতে বেরিয়ে আসার ভিডিওকে গরু বোঝাই ট্রাকে হিন্দুত্ববাদীদের হামলা এবং মুসলিম চালকের প্রতিরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- India Today Website: Video: Sword-wielding truck driver chases attackers after road rage clash in Gurugram
- Aajtak Website: सरदार जी ने पहले निकाली कृपाण, फिर लाए तलवार…’बोले सो निहाल’ सुनते ही भाग खड़ी हुई भीड़, VIDEO
- Rumor Scanner’s Analysis

