নাটোরে ছাত্রলীগ কর্তৃক জেলা আওয়ামী লীগ কার্যালয় দখলের দাবিতে সিলেটের ভিডিও প্রচার

সম্প্রতি, নাটোরে রাতের আঁধারে ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নিয়ে নিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে একদল তরুণকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাটোরে ছাত্রলীগ কর্মীদের জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার দাবিটি সঠিক নয়। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিও নাটোরের নয়। প্রকৃতপক্ষে, সিলেটের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের অফিস দখল করে ইউনিয়ন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় করার পুরোনো সংবাদ প্রতিবেদনের সন্ধান পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ কর্মীদের নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার প্রসঙ্গে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Kibria Ahmed নামের একজন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ৪ জুন একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। পাশাপাশি একই স্থানে স্লোগান দেওয়ার আরেকটি ভিডিও প্রচারিত হতে দেখা যায়। পোস্টটিতে তিনি উল্লেখ করেন, ভিডিওটি সিলেট মহানগর ছাত্রলীগের স্লোগান দেওয়ার ভিডিও।

ভিডিওগুলোতে দেখতে পাওয়া ‘জল্লারপার জামে মসজিদ মার্কেট’, ‘রয়্যাল এ্যাড’ এবং ‘BEST Choice’ শীর্ষক দোকানের সাইনবোর্ডগুলোর সূত্র ধরে গুগল ম্যাপের সহায়তায় অনুসন্ধানে জানা যায় জায়গাটি সিলেট নগরীর জল্লারপার নামক এলাকা। অর্থাৎ, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার আলোচিত ভিডিওটি নাটোরে নয় বরং, সিলেটে ধারণ করা হয়েছে।

সুতরাং, নাটোরে ছাত্রলীগ কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার দাবিতে সিলেটের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Kibria Ahmed Facebook Post
  • Kibria Ahmed Facebook Post
  • Google Map
  • Rumor Scanner’s Analysis
Share: