‘তামিম ইকবাল তো উত্তর কোরিয়ার কিম জং উনকেও ছাড়িয়ে গিয়েছেন’- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির নেতা সারজিস আলম এই মন্তব্যটি করেছেন। সম্প্রতি একটি রাজনৈতিক টকশোতে বিসিবির সাম্প্রতিক নির্বাচন ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা করার সময় তিনি এই ব্যঙ্গাত্মক তুলনাটি করেন। অন্যদিকে, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন, গত ০৭ জুন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের একটি ছবি তার ফেসবুক পেজ থেকে পোস্ট করেন, যা আলোচনার জন্ম দেয়। এর প্রেক্ষিতে নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালকে উদ্ধৃত করে, ‘জুলাইয়ের আগে লেগুনা চালিয়ে পেট চালানোর কথা বলা কিছু ফকিন্নির বাচ্চারা জুলাইয়ের পর গায়ের জোরে ক্রীড়া উপদেষ্টা হয়েছিল, অথচ আমি বিসিবির নির্বাচনে স্বছভাবে ভোটে জিতার পর সেই উপদেষ্টা আমাকে কিম জং উন বানিয়ে ট্রল করছে, আমি যদি সত্যিই কিম জং উন হতাম, সেই ক্রীড়া উপদেষ্টা হওয়া ফকিন্নির বাচ্চার মাজায় দড়ি বেঁধে, সারা শহরে ওকে দিয়ে তেল ইঞ্জিনবিহীন লেগুনা টানাইতাম…’ শিরোনামে একটি ফটোকার্ড ইন্টারনেটে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি ৪৯ হাজার বার দেখা হয়েছে। এটিতে প্রায় ৬ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে তামিম ইকবাল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। তামিম ইকবাল এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এছাড়া, তামিম ইকবালের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘ব্যঙ্গবাজার’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৮ জুন আলোচিত ফটোকার্ড প্রথম প্রচার হতে দেখা যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘ব্যঙ্গবাজার’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, তামিম ইকবাল সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে আলোচিত মন্তব্যটি করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Tamim Iqbal – Facebook Account
- ব্যঙ্গবাজার – Facebook Post


