দ্য সিম্পসন্‌স কার্টুনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল বা পর্তুগালের শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণী করা হয়নি

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে জনপ্রিয় মার্কিন অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসন্‌স ১৯৯৭ সালে ভবিষ্যদ্বাণী করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। দাবি করা হচ্ছে, দ্য সিম্পসন্‌স কার্টুনের ওই পর্বে দেখানো হয়, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড স্টেডিয়ামে। ম্যাচটিতে পর্তুগালের বিপরীতে মাঠে নামবে ম্যাক্সিকো। তবে ম্যাক্সিকোর বিপক্ষে জয় লাভ করে বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে নেবে পর্তুগাল, এমনটি ভবিষ্যদ্বাণী করেছিল জনপ্রিয় এই কার্টুনটি বলে পোস্টগুলোতে দাবি করা হচ্ছে।

এমন দাবি সংবলিত কিছু কিছু পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের ইঙ্গিতও কার্টুনটির পর্বে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফুটবল সংক্রান্ত সংবাদ প্রচারকারী কিছু জনপ্রিয় ফেসবুক পেজেও একই দাবি সংবলিত পোস্ট প্রচার হতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দ্য সিম্পসন্‌স কার্টুনে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল, পর্তুগালের শিরোপা জয় কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের কোনো ভবিষ্যদ্বাণী করা হয়নি। প্রকৃতপক্ষে, ১৯৯৭ সালে প্রচারিত কার্টুনটির একটি পর্বে মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার একটি কাল্পনিক ফুটবল ম্যাচ দেখানো হলেও সেখানে বিশ্বকাপ, ২০২৬ সাল বা ম্যাচের ফলাফল সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ ছিল না।

এ বিষয়ে অনুসন্ধানে ভাইরাল পোস্টে ব্যবহৃত দৃশ্যটির সূত্র অনুসন্ধান করে The Cartridge Family নামের একটি পর্বের সন্ধান পাওয়া যায়। এটি দ্য সিম্পসন্‌স কার্টুনের নবম সিজনের পঞ্চম পর্ব। পর্বটি প্রথম প্রচারিত হয় ১৯৯৭ সালের ২ নভেম্বর।

পর্বটির সংশ্লিষ্ট অংশ পর্যালোচনা করে দেখা যায়, সেখানে স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মেক্সিকো ও পর্তুগালের মধ্যকার একটি ফুটবল ম্যাচের বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনে দর্শকদের ‘পৃথিবীর সেরা দেশ কোনটি’ তা নির্ধারণের জন্য ম্যাচটি দেখার আহ্বান জানানো হয়। তবে কোথাও এটিকে ফিফা বিশ্বকাপের ম্যাচ হিসেবে উল্লেখ করা হয়নি।

ভিডিওটির আরও কিছু অংশ পর্যালোচনা করে দেখা যায়, পরবর্তীতে ম্যাচটি স্প্রিংফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। তবে ম্যাচটি শেষ হওয়ার আগেই দর্শকদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ফলে কোনো ফলাফল ছাড়াই খেলাটি শেষ হয়ে যায়। পর্বটিতে পরবর্তীতে দেখানো হয়, স্টেডিয়ামে দর্শকদের মাঝে সৃষ্ট বিশৃঙ্খলাটি পুরো শহরে ছড়িয়ে পরে, যা জনমনে নিরাপত্তাজনিত শঙ্কা তৈরি করে। পর্বটি মূলত এমন ঘটনা প্রবাহ নিয়েই শেষ হয়ে যায়। এতে কোনো দলকে বিজয়ী ঘোষণা করা হয়নি এবং কোনো ট্রফি প্রদান অনুষ্ঠানও দেখানো হয়নি। এছাড়াও, আলোচিত পর্বের কোথাও ২০২৬ সালের উল্লেখ পাওয়া যায় না।

অর্থাৎ, পর্তুগাল ম্যাচটি জিতেছিল কিংবা বিশ্বকাপ জয় করেছিল এমন কোনো তথ্য পর্বটিতে নেই।

একইসঙ্গে, কিছু পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের ভবিষ্যদ্বাণীর দাবিও করা হচ্ছে। তবে আলোচিত দৃশ্য বা পুরো পর্বে তার কোনো উপস্থিতি বা উল্লেখ পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা যায়, একই দৃশ্য ব্যবহার করে অতীতেও বিশ্বকাপ-সংক্রান্ত বিভ্রান্তিকর দাবি ছড়ানো হয়েছিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের আগেও একই দৃশ্যকে কেন্দ্র করে দাবি করা হয়েছিল যে, দ্য সিম্পসন্‌স বিশ্বকাপের ফলাফল ভবিষ্যদ্বাণী করেছিল। তবে বাস্তবে ওই বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে, পর্বটিতে দেখানো ম্যাচটি অনুষ্ঠিত হয় কাল্পনিক Springfield Stadium নামক একটি স্টেডিয়ামে। অথচ ফিফার ঘোষিত সূচি অনুযায়ী ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম নামে অধিক পরিচিত)। ফলে পর্বটির ঘটনাকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের সঙ্গে যুক্ত করার কোনো ভিত্তি পাওয়া যায় না।

সুতরাং, দ্য সিম্পসন্‌স কার্টুনে ১৯৯৭ সালে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল, পর্তুগালের বিশ্বকাপ জয় বা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি জয়ের ভবিষ্যদ্বাণী করা হয়েছে এমন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: