সম্প্রতি ‘বিএনপি চাঁদাবাজ বলায় বৃদ্ধার উপর অমানবিক নির্যাতন যুবদল নেতা রুবেলের!!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবির সাথে আলোচিত ভিডিওটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ঢাকার সদরঘাটে এক লঞ্চযাত্রীর ব্যাগ চুরি করে পালানোর সময় আটক হওয়া এক ব্যক্তিকে প্রহারের ঘটনার ভিডিও এটি।
এ বিষয়ে অনুসন্ধানে CNP News ফেসবুক পেজে গত ১০ জুন প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, লঞ্চে ব্যাগ চুরি করে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর সময় চুরির অভিযোগে আটক বৃদ্ধকে প্রহার করার দৃশ্য এটি।
উল্লেখিত সূত্র ধরে The Daily Lalmohan নামক ফেসবুক পেজে গত ১০ জুন প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে যাত্রীর ব্যাগ নিয়ে নদীতে ঝাঁপ দিতে গেলে এক ব্যক্তিকে আটক করা হয়। ভোলার বেতুয়াঘাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-১৩ ঢাকার সদরঘাটে পৌঁছানোর পূর্বমুহূর্তে ওই ব্যক্তি এক নারী যাত্রীর ব্যাগ চুরি করে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়।
উল্লেখিত এসব পোস্টে অভিযুক্ত ব্যক্তির ‘বিএনপি চাঁদাবাজ’ বলা এবং প্রহারকারী ব্যক্তি ‘যুবদল নেতা রুবেলে’- এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, ভিন্ন কোনো সূত্রেও এরূপ কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, লঞ্চে চুরির দায়ে আটক এক ব্যক্তিকে প্রহারের ভিডিওকে বিএনপিকে চাঁদাবাজ বলার অপরাধে যুবদল নেতার অমানবিক নির্যাতন দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- CNP News – Facebook Post
- The Daily Lalmohan – Facebook Post


