সম্প্রতি, “বাগেরহাট জামায়াত নেতার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করল বিএনপি’র সন্ত্রাসী বাহিনী। বিএনপি নেতা ও নেতাকর্মীর বিরুদ্ধে থানায় নিচ্ছে না কোন মামলা।” দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। একই ভিডিও দিয়ে আরেক পোস্টে দাবি করা হয়, “ফেসবুকে জয় বাংলা পোস্ট করায় ছাত্রলীগ নেতা সুমন খানের বাড়ি ভাংচুর।”
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, নরসিংদীর রায়পুরায় গ্রামবাসী কর্তৃক মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুরের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ‘নাগরিক প্রতিদিন’ এর ফেসবুক পেজে গত ১৭ জুন প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন সূত্রে জানা যায়, নরসিংদীর রায়পুরায় গ্রামবাসী কর্তৃক মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুরের দৃশ্য এটি।

News Now Bangla নামের আরেক গণমাধ্যম সূত্রেও একই তথ্য পাওয়া যায়।
জেলার স্থানীয় গণমাধ্যম ‘Raipurar Kontho – রায়পুরার কণ্ঠ’ সূত্রে জানা যায়, রায়পুরা পৌরসভার মহিষমারা রেলগেইট এলাকার জুয়েল তার বাড়ীতে মাদকদ্রব্য বিক্রি করতো, এই তথ্য পেয়ে এলাকার স্থানীয় যুব সমাজের ছেলেরা “মাদকের আস্তানা” উল্লেখ করে হামলা চালায়।
সুতরাং, মাদক ব্যবসায়ীর ঘর ভাঙচুরের ভিডিওকে রাজনৈতিক হামলার দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Nagorik Protidin: Facebook Video


