গত ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ম্যাচের শুরুতেই মরক্কো এক গোল করে এগিয়ে যায়। তবে খেলার ৩২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল।
গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রকে ডিফেন্ডার ব্রুনো গিমারায়েস চুম্বন করছেন দাবিতে কটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, মরক্কোর বিপক্ষে গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রকে ব্রুনো গিমারায়েস চুম্বন করছেন দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়। বরং, গোল উদ্যাপনের সময়ের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে ইএসপিএনের অনুষ্ঠান স্পোর্টস সেন্টারের এক্স অ্যাকাউন্টে গত ১৪ জুন প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত ছবির টাইমফ্রেম, আমেরিকান চ্যানেল ফক্স স্পোর্টসের লোগো এবং ভিনিসিয়ুসের মাথা ও গালের বরাবর ব্রুনোর হাত রাখার ভঙ্গির মিল পাওয়া যায়। তবে ছবিটিতে কোথাও চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।

এছাড়া, দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম স্পোর্টস কিউংহিয়াং এর ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত একটি প্রতিবেদনও ভিনিসিয়ুসের গোলের পর ব্রুনোর সঙ্গে উদযাপনের ওই মুহূর্তের ছবিও পাওয়া যায়। সেখানেও চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।
‘E-PLUS MEDIA TV’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ১৩ জুন প্রকাশিত একটি পোস্টে ভিনিসিয়ুসের গোলের পর ব্রুনোর সঙ্গে উদযাপনের সেই মুহূর্তের ভিডিও পাওয়া যায়। সেখানেও চুম্বনের কোনো দৃশ্য দেখা যায়নি।
পাশাপাশি, চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

সুতরাং, মরক্কোর বিপক্ষে গোলের পর ভিনিসিয়ুস জুনিয়রকে ব্রুনো গিমারায়েস চুম্বন করছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত।
তথ্যসূত্র
- Sports Center- X Account
- Sports kyunghyang – ‘장군멍군’ 모로코 선취골→브라질의 비니시우스, 멋진 드리블 후 동점골 ‘FIFA 랭킹 10위권’ 강팀의 맞대결 결과는 1-1 무
- E-PLUS MEDIA TV – Instagram Post
- OpenAI Analysis


