আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন “পশ্চিমবঙ্গে ধারণ করা ভিডিও ছাত্রলীগের মিছিল বলে ফেসবুকে প্রচার করছে দেশবিরোধী চক্রের সদস্যরা। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি জহির উদ্দীন স্বপন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৮ জুন প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে জহির উদ্দীন স্বপনের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপনের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Bengali Steam: Facebook Post

