১১-দলীয় জোট ও ভোট কারচুপি প্রসঙ্গে নাহিদ ইসলামের বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার

সম্প্রতি ‘১১ দলিয় জোট ভোট চুরি ছারা ক্ষমতায় যেতে পারবেনা। নাহিদ ইসলাম,, N,C,P’ শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলামের বক্তব্যের একটি ভিডিও শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।
উক্ত ভিডিওতে তাকে ‘১১-দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না’ বলতে শোনা যায়।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৫০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৪ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৮ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাহিদ ইসলাম ‘১১-দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না।’ শীর্ষক আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি সাম্প্রতিক জনসভার নাহিদ ইসলামের বক্তব্যের খণ্ডিত অংশকে বিভ্রান্তিকরভাবে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Channel 24 এর ইউটিউব চ্যানেলে গত ৩১ জানুয়ারি ‘‘অনেকে বলে ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না’’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির প্রথম চার সেকেন্ডে ফুটেজ আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওটির ০১:৪৯ অংশে নাহিদ ইসলাম বলেন, ‘তাদের একজন কূটনৈতিক বলেছেন- ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সরকারে কে ক্ষমতায় আসবে, সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ।’ অর্থাৎ, নাহিদ ইসলামের ‘তাদের একজন কূটনৈতিক বলেছেন- ১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না।’ শীর্ষক বক্তব্য থেকে ‘তাদের একজন কূটনৈতিক বলেছেন’ অংশটি কর্তন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। পরবর্তীতে, এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়। গত ৩১ জানুয়ারি দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১-দলীয় জোটের নির্বাচনী জনসভায় আলোচিত বক্তব্যটি দেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ‘নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হলে জামায়াতে ইসলামীর জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই’ বলে মন্তব্য করেছেন।
সুতরাং, ১১-দলীয় জোটের সাথে ভোট কারচুপির ইস্যু জড়িয়ে নাহিদ ইসলামের মন্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Channel 24 – ‘অনেকে বলে ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না’
- The Daily Star – Facebook Post
- Prothom Alo – Facebook Post
- Somoy TV – কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে: নাহিদ
- bdnews24 – ভোটে কারচুপি হলেই কেবল জামায়াতের জেতা সম্ভব: শ্রিংলা
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

