এইচএসসি পরীক্ষার্থীদের সংসদ অভিমুখে লংমার্চ দাবিতে ২০২৪ সালের ভিডিও প্রচার 

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান রাখার প্রতিবাদে গত ১৪ জুলাই থেকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন করেন এইচএসসি পরীক্ষার্থীরা।

এমন প্রেক্ষাপটে, জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের লংমার্চের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে জুলাই আন্দোলনকালীন একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘P-R-I-N-C-E-M-a-h-a-m-u-d’ নামক টিকটক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১০ আগস্ট প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ভিডিওটির সময়কাল কিংবা স্থান উল্লেখ করা হয়নি। উক্ত অ্যাকাউন্টে ভিডিওটিকে ‘আন্দোলন’ শিরোনামের প্লেলিস্টে সংযুক্ত করা হয়েছে, যেখানে আরও বেশ কিছু ভিডিওচিত্র রয়েছে।

পরবর্তীতে, ‘History of July’ নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ৩১ আগস্ট প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে এটি কোন স্থানের কিংবা ভিডিওচিত্রটি ধারণের সুনির্দিষ্ট সময়কাল উল্লেখ করা হয়নি৷ তবে, ‘History of July’ নামক পেজটির পরিচিতি অংশে উল্লিখিত আছে যে, এটি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগে পরিচালিত হয়৷

অর্থাৎ, এইচএসসি শিক্ষার্থীদের সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণার প্রায় দুই বছর আগে থেকেই ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব পাওয়া যায়। এ থেকে নিশ্চিত করা যায় যে, ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীদের সংসদ ভবন অভিমুখে লংমার্চ দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনকালীন ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: