‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশুকে গ্রেফতারের দাবিটি ভুয়া

সম্প্রতি, গোপালগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৭ বছরের এক শিশুকে পুলিশ গ্রেফতার করেছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। পোস্টটিতে ব্যবহৃত ছবিগুলোতে এক পুলিশ কর্মকর্তাকে ওই শিশুকে হাত ধরে প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ বছরের শিশুকে গ্রেপ্তারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি চুরির মামলায় ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটিকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গত ১৫ মে এবং ১৪ জুলাই দিবাগত রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামের মো. রাজিব মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কাশিয়ানী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সুমন শেখ (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উক্ত ঘটনায় প্রকাশিত প্রতিবেদনগুলোতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ব্যবহার ছবি ফিচার ইমেজ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে লক্ষ্য করা যায়।

এছাড়াও প্রতিবেদনগুলোতে কাশিয়ানী থানা পুলিশের বরাতে বলা হয়, সুমন শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। সর্বশেষ চুরির ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পড়া দাবির বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমানের যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করেন, এটি একটি চুরির মামলা। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক মামলা বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর।

পরবর্তীতে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ পাওয়া যায়নি, যেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে গোপালগঞ্জে ৭ বছরের কোনো শিশুকে গ্রেপ্তার করার ঘটনা ঘটেছে বলে উল্লেখ রয়েছে।

সুতরাং, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গোপালগঞ্জে ৭ বছরের শিশুকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: