গত ১৭ জুলাই, পটুয়াখালীতে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান মাহাবুব নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরই প্রেক্ষিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন জামাতের আমির মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবের স্কুল শিক্ষিকার সাথে পরকীয়ার মূহুর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতরে দুই শিক্ষকের অশালীন আচরণের মূহূর্তের ভিডিওকে বাংলাদেশের পটুয়াখালীর ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Gaurav’ নামক এক্স অ্যাকাউন্টে গত ১৫ জুলাইয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের উত্তর প্রদেশের কনৌজ জেলার এক স্কুলের ঘটনা। এই ঘটনায় দুই শিক্ষকের পরকীয়ার ভিডিও গোপন ক্যামেরায় ধারণ হওয়ার পর তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘The Free Press Journal’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ১৫ জুলাইয়ে “Caught On Cam: UP Government School Teachers Suspended After Intimate Classroom Video Goes Viral” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, ভারতের একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতরে দুই শিক্ষকের অশালীন আচরণের মূহুর্তের ভিডিওকে বাংলাদেশের পটুয়াখালীতে জামায়াত নেতার পরকীয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Gaurav: X Account Post
- The Free Press Journal: Caught On Cam: UP Government School Teachers Suspended After Intimate Classroom Video Goes Viral
- Rumor Scanner’s Analysis


