রোনালদোকে নিয়ে বেলিংহামের নামে ছড়ানো মন্তব্যটি ভুয়া

চলমান ২০২৬ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। এর মধ্যেই পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে, বেলিংহাম বলেছেন, “আমি কারও প্রতি কোনো অসন্মান করছি না, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সবসময়ই আমার আদর্শ। তিনিই সেই খেলোয়াড়, যাকে আমি সবচেয়ে বেশি অনুসরণ করি এবং যার দিকে আমি অনুপ্রেরণার জন্য তাকিয়ে থাকি।”


উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জুড বেলিংহাম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে ইংরেজি, স্প্যানিশ ও ফরাসি ভাষায় বিভিন্ন প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে একাধিক সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করা হয়। তবে বেলিংহামের এমন বক্তব্যের পক্ষে কোনো সাক্ষাৎকার, ভিডিও, সংবাদ সম্মেলন বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়নি।

দাবিটির সম্ভাব্য সূত্র অনুসন্ধানে দেখা যায়, প্রায় একই বক্তব্যসংবলিত একটি পোস্ট গত ১৬ জুলাই ‘Fabrizio Ronaldo’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। তবে পোস্টটিতে বক্তব্যটির পক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। অ্যাকাউন্টটি জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর নামের আদলে তৈরি এবং এর বায়োতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এটি একটি প্যারোডি অ্যাকাউন্ট।

অন্যদিকে, বেলিংহাম অতীতে তার ফুটবল-আইডলদের নিয়ে যেসব মন্তব্য করেছেন, সেগুলো আলোচিত দাবিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

২০২৩ সালের ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে কোপা ট্রফি জয়ের পর ফরাসি সংবাদপত্র লেকিপ-কে সাক্ষাৎকার দেন জুড বেলিংহাম। সেখানে তিনি তার শৈশব, পরিবার, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এবং তাঁকে অনুপ্রাণিত করা ফুটবলারদের নিয়ে কথা বলেন। বেলিংহাম জানান, ছোটবেলায় বার্মিংহাম সিটির সমর্থক হিসেবে সেবাস্তিয়ান লারসন, ক্রেইগ গার্ডনার ও লি বোয়ারকে পছন্দ করতেন তিনি। পরে ইংল্যান্ডের তারকা ওয়েইন রুনি ও স্টিভেন জেরার্ডও তার আদর্শ হয়ে ওঠেন। তবে নিজের সবচেয়ে বড় ফুটবল-আইডল হিসেবে তিনি জিনেদিন জিদানের নাম উল্লেখ করেন।

বাবার উৎসাহে জিদানের খেলার ভিডিও দেখে মুগ্ধ হয়েছিলেন বেলিংহাম। তিনি বলেছিলেন, জিদানই ছিলেন সেই খেলোয়াড়, যার মতো তিনি হতে চেয়েছিলেন। ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জিদানের সঙ্গে দেখা হওয়ার ঘটনাকেও বিশেষ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন তিনি। রিয়াল মাদ্রিদে ৫ নম্বর জার্সি বেছে নেওয়ার পেছনেও জিদানের প্রতি তার শ্রদ্ধা কাজ করেছে। তবে একই সঙ্গে বেলিংহাম স্পষ্ট করেন, তিনি নিজের পরিচয় ও স্বতন্ত্র উত্তরাধিকার গড়ে তুলতে চান।

এছাড়া, ২০২৬ সালের ১৫ জুলাই ব্রিটিশ সংবাদপত্র বার্মিংহাম মেইল-এর অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে বেলিংহামের পুরোনো একটি বক্তব্য তুলে ধরা হয়। ২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ডের একটি ভিডিওতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে বেলিংহাম দ্বিধাহীনভাবে মেসির নাম নিয়েছিলেন। ২০২২ সালে অনলাইন সংবাদমাধ্যম ডেইলি পোস্ট-এ প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ করা হয়।

সুতরাং, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজের সবচেয়ে বড় আদর্শ দাবি করে জুড বেলিংহামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র


Share: