লকডাউন: দুপুরের পর নাশকতা ও মেট্রোরেলে অগ্নিসংযোগের আশঙ্কা জানিয়ে পুলিশ কর্মকর্তাকে জড়িয়ে ডিপফেক ভিডিও প্রচার

আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি চালু রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে, একটি ভিডিওতে পুলিশের একজন কর্মকর্তাকে বলতে শোনা যায়, “সকাল থেকে এখন পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ। দেশবাসী লকডাউনকে সমর্থন দিয়েছে। তবে আমাদের আশঙ্কা হয়ত বা দুপুরের পর থেকে নাশকতা হতে পারে এবং খবর আছে মেট্রোরেলে আগুন দেওয়া হবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং আশা করছি দ্রত অপরাধীদের খুঁজে বের করতে পারবো। আমাদের বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে।”

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে।

টিকটকে ভিডিও দেখুন এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে বক্তব্য দেওয়া ব্যক্তি পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন। তিনি আজ এমন কোনো বক্তব্য দেননি এবং প্রচারিত ভিডিওটিও আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মূল ধারার গণমাধ্যম যমুনা টিভি এর ইউটিউব চ্যানেলে গত ০৮ নভেম্বরের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে দেওয়া পুলিশ কর্মকর্তার বক্তব্যের ফুটেজের দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর সকল উপাদানের মিল রয়েছে।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচী ঘিরে পুলিশের পরিকল্পনার বিষয়ে এই ভিডিওতে কথা বলেন। তবে তাকে উক্ত দাবি সংবলিত কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এর পারিপার্শ্বিক উপাদানেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, ডিপফেক প্রযুক্তির সহায়তায় ঢাকা লকডাউন কর্মসূচীতে দুপুরের পর নাশকতা ও মেট্রোরেলে অগ্নিসংযোগের আশঙ্কা জানিয়ে পুলিশের কর্মকর্তার বক্তব্যের দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: