১৩ নভেম্বর উপলক্ষ্যে চাঁদপুরে আ.লীগের মহাসড়ক অবরোধের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে, তা জানা যাবে আগামী ১৩ নভেম্বর। এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক গত ২ নভেম্বর ‘বেঙ্গল নিউজ২৪’ নামক অনলাইন পোর্টালের সম্পাদক তাইমুর তুষারের সাথে এক লাইভ আলোচনায় বলেন, আগামী ১৩ নভেম্বর ঢাকায় সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সড়ক অবরোধের একটি ভিডিও গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘আজকে ১০ তারিখ চাঁদপুর মহাসড়ক অবরোধ আমাদের আন্দোলন ১৩ তারিখ পর্যন্ত চলমান থাকবে ইনশাল্লাহ’।
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ভিডিওটি ১৩ নভেম্বর উপলক্ষ্যে চাঁদপুরে আওয়ামী লীগের মহাসড়ক অবরোধের দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৩ নভেম্বর উপলক্ষ্যে চাঁদপুরে আওয়ামী লীগের মহাসড়ক অবরোধের দৃশ্যের নয় বরং, চাঁদপুর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা এম.এ. হান্নান এর ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এনটিভি’র ইউটিউব চ্যানেলে ‘চাঁদপুরে মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, দুই পক্ষের উত্তেজনা’ শিরোনামে গত ৫ নভেম্বরে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ‘এনটিভি’র লোগোরও সংযুক্তি পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ‘এনটিভি’র উক্ত ভিডিও থেকে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এনটিভি’র ভিডিওর বর্ণনা অংশে বলা হয়, ‘চাঁদপুরে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে। সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।’ এছাড়াও, ভিডিওতে সাংবাদিককে কয়েকজন ব্যক্তির বলতে শোনা যায়, তারা চায় বিএনপির দলীয় মনোনয়ন লায়ন হারুনের বদল হান্নানকে দেওয়া হোক।
এরই প্রেক্ষিতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘যুগান্তর’ এর ওয়েবসাইটে গত ৫ নভেম্বরে প্রতিবেদন প্রকাশ হতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেলে হারুনুর রশিদকে পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছেন দলীয় মনোনয়নপ্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারী নেতা-কর্মীরা।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে চাঁদপুর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা এম.এ. হান্নান এর ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ করে বিক্ষোভের দৃশ্যের।
সুতরাং, চাঁদপুর-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া এক নেতার ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের বিক্ষোভের ভিডিওকে ১৩ নভেম্বর উপলক্ষ্যে চাঁদপুরে আওয়ামী লীগের মহাসড়ক অবরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NTV News – চাঁদপুরে মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ, দুই পক্ষের উত্তেজনা | Chandpur | BNP Clash | NTV NEWS
- Prothom Alo – চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে তিন দিন ধরে বিক্ষোভ
- Jugantor – পুলিশের বাধা উপেক্ষা করে মনোনয়ন বঞ্চিত হান্নানের অনুসারীদের অবরোধ
- Rumor Scanner’s analysis

