১৩ নভেম্বর আ.লীগের লকডাউন উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলের ভিডিও দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১৩ নভেম্বরে আওয়ামী লীগের লকডাউন উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলের দৃশ্যের নয় বরং, নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গত সেপ্টেম্বরে বিক্ষোভ কর্মসূচির দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Farjana Mali’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১৫ সেপ্টেম্বরে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়। ভিডিও সম্পর্কে ক্যাপশনে বলা হয়, ‘ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে তৃতীয় দফায় টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। ভাঙ্গা গোলচত্তরে বিক্ষুব্ধ জনতা।’

এছাড়াও, একইদিনে একই ঘটনার দাবিতে আরো কিছু ফেসবুক পোস্ট পাওয়া যায় যার সাথে আলোচিত দৃশ্যের মিল পাওয়া যায়। অনুসন্ধানে নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গত সেপ্টেম্বরে উত্তেজনা বিরাজের ঘটনার বিষয়ে নানা সংবাদমাধ্যমেও গত ১৫ সেপ্টেম্বরে প্রতিবেদন প্রচার হতে দেখা যায়, যাতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।
ফরিদপুরে এলাকাবাসীর বিক্ষোভের ঘটনার প্রেক্ষাপটের বিষয়ে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে গত ৯ সেপ্টেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ফরিদপুর-৪ আসন এত দিন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ছিল। আর ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ করেন।
সুতরাং, নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় গত সেপ্টেম্বরে বিক্ষোভ কর্মসূচির ভিডিওকে গত ১৩ নভেম্বরে আওয়ামী লীগের লকডাউন উপলক্ষ্যে বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Farjana Mali – Facebook Post
- Channel I – নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় সংঘর্ষ-ভাঙচুর ও অগ্নিসংযোগ
- Prothom Alo – ফরিদপুরে আবারও দুই মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
- Rumor Scanner’s analysis

