১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের ভুয়া দাবি প্রচার

সম্প্রতি অনলাইনে মূলধারার গণমাধ্যম ‘চ্যানেল২৪’ এর একটি সংবাদের ভিডিও প্রচার করে দাবি প্রচার করা হয়েছে, ‘১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হলো’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টটি প্রায় ৯০ হাজার বার দেখা হয়েছে এবং ২ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে লাইক দেওয়া হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হয়নি। প্রকৃতপক্ষে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে চ্যানেল২৪ এ সংবাদ প্রচার করা হয়, যার ভিডিও প্রচার করে আলোচিত দাবি প্রচার করে হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে সংযুক্ত ‘চ্যানেল২৪’ এর সংবাদ ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘চ্যানেল২৪’ এর ইউটিউব চ্যানেলে ‘১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেকোনো নির্বাচন না করার নির্দেশনা’ শিরোনামে গত ১৩ জানুয়ারিতে প্রচারিত মূল সংবাদ ভিডিওটি পাওয়া যায়।

চ্যানেল২৪ এ সংবাদ ভিডিওতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত দেশের কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে যেন কোন ধরণের প্রভাব বা বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।’

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে চ্যানেল২৪ এর ওয়েবসাইটেও উপরোল্লিখিত তথ্যের উল্লেখসমেত সংবাদ প্রকাশ হতে দেখা যায় ও নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনার চিঠির ছবির সংযুক্তি পাওয়া যায়। পাশাপাশি, আরো একাধিক গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশ হতে দেখা যায়। কোথাও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের কোনো ঘোষণার উল্লেখ পাওয়া যায়নি।

বরং অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এখন টিভি’ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের সাবেক দুই জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে—এক দিন আগে নয়, পরেও নয়। একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো সংশয় বা পেছানোর সুযোগ নেই।

সুতরাং, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: