সম্প্রতি, “সমাবেশে বাধা দিলে কারদগু সেনাপ্রধান ১৬ ডিসেম্বর ঘিরে আওয়ামীলীগ মহা তান্ডব আওয়ামী যুবলীগ জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৮৪ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ১৬ ডিসেম্বর দেশে আওয়ামী লীগের এমন কোনো সমাবেশ অনুষ্ঠিত হয়নি। প্রকৃতপক্ষে, বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল ২৪ এর পুরোনো বেশ কিছু সংবাদ প্রতিবেদনের ফুটেজ যুক্ত করে উক্ত ভিডিওটি তৈরি করা হয়েছে।
ফুটেজ যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ জুলাই ‘মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ১০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ডেইলি স্টার বাংলার ওয়েবসাইটে ২০২৩ সালের ১২ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ অনুষ্ঠিত হয়।
ফুটেজ যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৩০ ডিসেম্বর ‘রাজপথে আওয়ামী লীগ; সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান তাদের’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৭ সেকেন্ড অংশ থেকে ২৪ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে জাগো নিউজ ২৪ ডট কমের ওয়েবসাইটে ২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন গণমিছিল কর্মসূচির নামে বিএনপির যে কোনো ধরনের ‘নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলায়’ রাজধানীতে সতর্ক অবস্থান নিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির নেতারা ৯টি টিমে ভাগ হয়ে ঢাকার গুরুত্বপূর্ণ ৯টি স্পটে পাহারা বসিয়েছিল। রাজধানীর তৎকালীন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল।
ফুটেজ যাচাই ৩
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ জুলাই ‘আওয়ামী লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ২৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীতে বিএনপির সরকার পদত্যাগের চূড়ান্ত আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুটেজ যাচাই ৪
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৮ অক্টোবর ‘লোকে লোকারণ্য সমাবেশস্থল!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৮ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপির মহাসমাবেশের বিপরীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও বেশ কিছু অপ্রাসঙ্গিক ভিডিও ফুটেজ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর দেশে আওয়ামী লীগের কোনো সমাবেশের সংবাদ আওয়ামী লীগের ফেসবুক পেজ কিংবা গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা। পাশাপাশি আওয়ামী লীগের পেজ থেকেও প্রচার হওয়ার কথা।
সুতরাং, চ্যালেন ২৪ এ প্রচারিত পুরোনো বেশ কিছু সংবাদ প্রতিবেদনের ফুটেজ যুক্ত করে ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ দাবিতে প্রচার করা হয়েছে: যা মিথ্যা।
তথ্যসূত্র
- Channel 24 – মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
- The daily Star বাংলা – সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা
- Channel 24 – রাজপথে আওয়ামী লীগ; সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান তাদের
- Jagonews24.com – বিএনপির গণমিছিল ঘিরে ঢাকার ৯ স্পটে ‘পাহারায়’ আওয়ামী লীগ
- Channel 24 – আওয়ামী লীগের সমাবেশে নেতাকর্মীদের ঢল
- Jugantor – বিএনপির সামনে পুলিশ পেছনে আওয়ামী লীগ
- Channel 24 – লোকে লোকারণ্য সমাবেশস্থল!
- Prothom Alo – বিএনপিকে পাহারায় রাখবে আওয়ামী লীগ


