‘পাবনায় ১৬ জনের এইডস শনাক্ত ৭ জনই কওমি মাদ্রাসার শিক্ষক’ শিরোনামে ইত্তেফাকের সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘পাবনায় ১৬ জনের এইডস সনাক্ত ৭ জনই কওমি মাদ্রাসার শিক্ষক’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘পাবনায় শরীরে এইডস শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ৭ জনই কওমি মাদ্রাসার শিক্ষক’ শীর্ষক দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দৈনিক ইত্তেফাক কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কোনো গণমাধ্যমের নাম কিংবা লোগো খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে ফটোকার্ডটি রিভার্স সার্চ করে দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে গত ১৮ জুন ‘পাবনায় ১৬ জনের এইডস শনাক্ত ৭ জনই সমকা/মী’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির মিল লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে দৈনিক ইত্তেফাকের ফটোকার্ড ডিজাইন এবং ব্যবহৃত ছবি মিল রয়েছে। তবে, উভয়ের ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের আংশিক ভিন্নতা রয়েছে। মূল ফটোকার্ডে থাকা ‘সমকা/মী’ শব্দটির পরিবর্তন করে ‘কওমি মাদ্রাসার শিক্ষক’ নামে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থাৎ, দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত ‘দৈনিক ইত্তেফাকের’ ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগজনক হারে সমকামিতা বাড়ছে। ইতোমধ্যেই এ সংখ্যা ১৬ শ জন ছাড়িয়ে গেছে। ফলে জেলায় এইচআইভি এইডস রোগও ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে। এছাড়াও, বাংলাদেশে মানবাধিকার ও এইচআইভি : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় বলা হয়েছে, পাবনায় শিরায় মাদকগ্রহণকারী, নারী যৌনকর্মী, পুরুষ যৌনকর্মী, সমকামী ও হিজরা জনগোষ্ঠীর মাধ্যমে এইচআইভি ছড়াচ্ছে। পাবনায় ১৬১৫ জন সমকামী, ৭৬৫ জন নারী যৌনকর্মী, ৯০৮ জন পুরুষ যৌনকর্মী, ১১০ জন হিজড়া এবং ৪৮৪ জন শিরায় মাদকগ্রহণকারী শনাক্ত করা হয়েছে। পাবনায় এখন পর্যন্ত ১৬ জনের শরীরে এইচআইভি এইডস শনাক্ত করা হয়েছে, এর মধ্যে ৭ জনই সমকামী…।
সুতরাং, ‘পাবনায় ১৬ জনের এইডস সনাক্ত ৭ জনই কওমি মাদ্রাসার শিক্ষক’ শিরোনামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Daily Ittefaq – Facebook Post

