১৭০ দেশ শেখ হাসিনাকে দেওয়া রায় অবৈধ ও প্রত্যাখ্যান করেছে দাবিতে ভুয়া তথ্য প্রচার 

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর এ রায় দেন। এর প্রেক্ষিতেই ‘রাশিয়া চীন ভারত সহ ১৭০ টা দেশ বিবৃতি দিয়েছে শেখ হাসিনার ফাঁসি অবৈধ’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। 

উক্ত দাবির টিকটক পোস্ট দেখুন এখানে

একই দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার ফাঁসি অবৈধ জানিয়ে ১৭০ দেশের রায় অবৈধ ঘোষণা ও প্রত্যাখ্যান শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।

ফেসবুকে এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে Iqbal Tv নামের একটি ফেসবুক পেজে ১৯ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ইকবাল টিভি নামের পেজটি মূলত বিনোদনের উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট বানিয়ে প্রচার করে। কনটেন্টগুলো ব্যাপক প্রচারের কারণে অনেকেই এগুলোকে সত্য ভেবে নিয়ে বিভ্রান্ত হন।

পরবর্তী অনুসন্ধানে ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইনেও একই দাবির একটি পোস্ট পাওয়া যায়। এই পোস্টেও দাবির সমর্থনে সূত্রবিহীন মনগড়া নানা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

কিওয়ার্ড সার্চ করে বিশ্বের কোনো দেশকেই শেখ হাসিনার রায় অবৈধ ঘোষণা বা প্রত্যাখ্যান করার খবর পাওয়া যায়নি। সমন্বিতভাবে ১৭০টি দেশের এ সংক্রান্ত কোনো বিবৃতি প্রদানের তথ্যও মেলেনি। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই রায়ের বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতও। তবে সেখানে দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ১৭০ দেশ শেখ হাসিনাকে দেওয়া রায় অবৈধ ও প্রত্যাখ্যান করেছে শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis 
Share: