১৭ নভেম্বরে শাহবাগের পরিস্থিতি দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার 

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। সেদিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি বত্রিশের সামনে বুলডোজারসহ একদল বিক্ষোভাকারী অবস্থান নিলে ও পরে বত্রিশ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গত ১৭ নভেম্বর ‘শাহ বাগে ১৭ তারিখে  অবস্থা’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ফেসবুকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৫৩ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৫ শত পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ৪ শত বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১৭ নভেম্বরে শাহবাগের পরিস্থিতির দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গেলো অক্টোবরে রাজধানীর শাহবাগ মোড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৫ অক্টোবর ‘পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষকরা’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, সেদিন পুলিশ এবং আন্দোলনরত শিক্ষকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে শিক্ষকরা পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানার সামনে তৈরি করা ব্যারিকেড ভেঙ্গে শাহবাগ মোড়ে প্রবেশ করে অবস্থান নেয়। উল্লিখিত ভিডিওটি এই ঘটনার দৃশ্য।

পরবর্তীতে, প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৫ অক্টোবর ‘পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে শিক্ষকেরা, যানবাহন চলাচল বন্ধ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি শাহবাগে গত ১৭ নভেম্বরে ঘটেনি।

সুতরাং, ১৭ নভেম্বরে শাহবাগের পরিস্থিতি দাবিতে গত অক্টোবরে শাহবাগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: