সম্প্রতি, কন্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের বাসা থেকে পুলিশ ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসিফ আকবরের বাসা কিংবা অফিস কার্যালয়ের সামনে থেকে গাঁজা উদ্ধারের নয়। প্রকৃতপক্ষে, গত বছরের ১৬ নভেম্বরে নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো গাঁজা উদ্ধারের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে গত বছরের ১৬ নভেম্বরে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি নওগাঁয় ২০ কেজি গাঁজা উদ্ধারের দৃশ্য।

পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে অনলাইন নিউজ পোর্টাল ‘সকালের খবর’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, নওগাঁয় একটি কুরিয়ার সার্ভিসের পার্সেল থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গত বছরের ১৬ই নভেম্বর দুপুরে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকার সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে পার্সেলে লুকানো এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
অর্থাৎ, এটি আসিফ আকবরের বাসা কিংবা অফিস কার্যালয়ের সামনে থেকে গাঁজা উদ্ধারের ভিডিও নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
এছাড়া, আসিফ আকবরের বিষয়ে এমন কোনো সংবাদ বা তথ্য সংবাদমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নওগাঁয় পুলিশ কর্তৃক কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধারের ভিডিওকে আসিফ আকবরের বাসা থেকে পুলিশ কর্তৃক ২০ কেজি গাঁজা উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DBC NEWS: নওগাঁয় ২০ কেজি গাঁজা উদ্ধার
- Sokaler Khobor: নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার
- ASIF: Facebook Page


