শেখ হাসিনার ২০০৭ সালে লন্ডনে দেওয়া সাক্ষাৎকারকে সাম্প্রতিক সাক্ষাৎকার দাবিতে প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, তিনি ৬ তারিখ দেশে ফিরছেন এবং ভারতে একটি হোটেলে হঠাৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ সাক্ষাৎকার দিয়েছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে অবস্থানরত শেখ হাসিনার গণমাধ্যমে দেওয়া সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০০৭ সালে লন্ডনে অবস্থানকালে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটিতে Chennai24 এর লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ৩ জুলাই ২০২৬ উল্লেখ থাকতে দেখা যায়। এরই সূত্র ধরে Chennai24 নামের ফেসবুক পেজে ৩ জুলাই প্রকাশিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়, এখান থেকেই আলোচিত দাবিটির সূত্রপাত হয়েছে। পেজটি পর্যালোচনায় দেখা যায়, এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম নয়, বরং একটি সার্কাজম পেজ। পেজটির বায়োতে উল্লেখ রয়েছে, “এই পেইজে খবর আছে, কিন্তু সত্যের গ্যারান্টি নাই। সবই বিনোদনমূলক ব্যঙ্গ নিউজ। বিশ্বাস করলে দায় আপনার, আমরা শুধু হাসাই।”

পরবর্তী অনুসন্ধানে Immigrant Channel নামের একটি ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের ১৬ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ৩৩ সেকেন্ড থেকে শুরু হওয়া অংশের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০০৭ সালের ১ মে London School of Economics Bangladesh Students’ Association আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের ভিডিও।

এছাড়া, অনুসন্ধানে Tanvir Ahmed নামের একটি ইউটিউব চ্যানেলেও ২০০৭ সালের ১৭ জুলাই ‘একজন কাউন্সিলরও যদি না যায়, পদত্যাগ করব – শেখ হাসিনা’ শিরোনামে প্রকাশিত ওই সাক্ষাৎকারের আরেকটি ভিডিও পাওয়া যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এর সঙ্গে ভারতে বসে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়া বা বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার কোনো সম্পর্ক নেই।

উল্লেখ্য, একই ভিডিওটি গত ডিসেম্বর মাসে সে সময়কার সাক্ষাৎকার দাবিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছিল। সেসময় বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার।

সুতরাং, ২০০৭ সালে লন্ডনে গণমাধ্যমে দেওয়া শেখ হাসিনার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিওকে সম্প্রতি ভারতে বসে বাংলাদেশে ফেরার বিষয়ে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের ভিডিও দাবি করে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Immigrant Channel – YouTube Video
  • Tanvir Ahmed – YouTube Video
  • Chennai24 – Facebook Post
  • Rumor Scanner’s Own Analysis
Share: