গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের মসজিদে হামলার দৃশ্য এটি।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৪ লক্ষ ৬৬ হাজারের বেশি বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েল-যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার কোনো ঘটনার নয় বরং, ২০১৯ সালে জর্ডানের একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, عمان – جبل التاج / التاريخ والسكان নামের একটি ফেসবুক পেজে ২০১৯ সালের ১৮ জুলাই প্রচারিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর ক্যাপশন সূত্রে জানা যায়, আল-হুসেইনি নামে একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা এটি।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম Roya News এর ওয়েবসাইটে একইদিনে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জর্ডানের রাজধানী আম্মানে আল-হুসেইনি মসজিদে ১৭ জুলাই রাতে একটি ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিভিল ডিফেন্স ডিরেক্টরেট (সিডিডি) এর মিডিয়া বিভাগ এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক যোগাযোগের কারণে মসজিদের দ্বিতীয় তলায় আনুমানিক ৫০ বর্গমিটার আয়তনের একটি লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। পূর্ব আম্মানের সিডিডির দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন, যেখানে কোনও মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওটি ২০১৯ সালে জর্ডানের আম্মান শহরের।
সুতরাং, ২০১৯ সালে জর্ডানের একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে সম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- عمان – جبل التاج / التاريخ والسكان : Facebook Video


