মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মাশরাফির উদযাপনের দৃশ্য দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার

গতকাল (০৭ জুলাই) দিবাগত রাত ১০টায় হওয়া মিশরের বিপক্ষে ৩-২ গোলে নাটকীয় জয়লাভ করে আর্জেন্টিনা।
উক্ত জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা এলাকাবাসীর সাথে উদযাপন করার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির উদযাপনের ভিডিওটি গতকাল (০৭ জুলাই) মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পরবর্তীর নয় বরং, ভিডিওটি ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার পর মাশরাফির উদযাপনের।
অনুসন্ধানে মাশরাফির ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২২ সালের ১৯ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টটির ক্যাপশনে লিখা রয়েছে, “বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ ঊদযাপন টা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন ঊদযাপন করতে চাই।”
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৯ ডিসেম্বর “আর্জেন্টিনার শিরোপা জয়ে মাশরাফির ‘পাগলাটে’ উদযাপন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে নাটকীয় জয়লাভ করে আর্জেন্টিনা। সেই জয়লাভের পর মাশরাফির উদযাপনের ভিডিও এটি।
এছাড়া, গতকাল (০৭ জুলাই) আর্জেন্টিনার জয়লাভের পর মাশরাফিকে তার ফেসবুক পেজ থেকে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি, বরং সর্বশেষ গত ১১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের পর শুভেচ্ছা জানিয়ে করা একটি পোস্ট পাওয়া যায়।
সুতরাং, ২০২২ সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মাশরাফির উদযাপনের ভিডিওকে গতকাল (০৭ জুলাই) মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভের পর মাশরাফির উদযাপনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Mashrafe Bin Mortaza- Facebook Post
- TBS- আর্জেন্টিনার শিরোপা জয়ে মাশরাফির ‘পাগলাটে’ উদযাপন
- Mashrafe Bin Mortaza- Facebook page
- Mashrafe Bin Mortaza- Facebook Post

