‘প্রবাসীদের অপমান’ করে হাসপাতালে নুরুল হক নুর দাবিতে ২০২৪ সালের ছবি প্রচার 

সম্প্রতি চ্যানেল২৪ এর একটি টকশোতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দুবাই, ওমানে বাংলাদেশিদের জন্য বন্ধ ভিসা চালুর অগ্রগতি নিয়ে উপস্থাপকের প্রশ্নে প্রসঙ্গক্রমে দুবাইয়ের ভিসা রেস্ট্রিকটশনের কারণ হিসেবে জানান, “তারা আমাদের যা জানিয়েছে, বাংলাদেশিদের অনেকের ডকুমেন্টস জালিয়াতি, ফেক ডকুমেন্টস, কাজের সময়ে মোবাইল ব্যবহার, দলবেঁধে গল্প করাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রবণতা বৃদ্ধিসহ কিছু বিষয়।” তার এই বক্তব্যের ‘প্রবাসীরা কাজে ফাঁকি দেয়। তাই ভিসা বন্ধ’ অংশের ফটোকার্ড বানিয়ে সমালোচনা করতে দেখা গেছে অনেক নেটিজেনকে। এরই প্রেক্ষিতে নুরের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, “প্রবাসীদের অপমান করার কারণে তার সব শেষ। এখন হাসপাতালে ভর্তি আছেন।”

টিকটকে এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং নুরুল হক নুর সম্প্রতি হাসপাতালে ভর্তি হননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ভিন্ন ঘটনার পুরোনো ছবি ব্যবহার করে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যমে নুরুল হক নুরের সাম্প্রতিক সময়ে হাসপাতালে ভর্তির কোনো সংবাদ মেলেনি। নুরের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিটি রিভার্স সার্চ করে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ জুলাইয়ের এক প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সে সময় রাজধানীর বনানীর সেতু ভবনে হামলার ঘটনায় করা মামলায় নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেছিল পুলিশ।

প্রথম আলোর সেদিনের এক প্রতিবেদন থেকে জানা যায়, নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদের সময় নুরুল হককে অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২৪ সালের ছবি ব্যবহার করে ‘প্রবাসীদের অপমান’ করে হাসপাতালে নুরুল হক নুর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: