‘ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ছাত্রশিবিরের জয়’— বিডিনিউজ২৪-এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “ইউরোপের ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবিরের ৩ নেতাকর্মী” শিরোনামে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউরোপের ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভকারী এই তরুণরা ছাত্রশিবিরের নেতাকর্মী নন এবং বিডিনিউজ২৪-ও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিডিনিউজ২৪ এর নাম ও লোগো ডিজাইন ব্যবহার করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম বিডিনিউজ২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে ১৭ জুন, ২০২৬।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বিডিনিউজ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বিডিনিউজ২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, বিডিনিউজ২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
তবে, বিডিনিউজ২৪ এর ফেসবুক পেজে গত ১৭ জুন প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে বিডিনিউজ২৪ এর লোগো, তারিখ এবং নির্বাচনে জয়লাভ করা শিক্ষার্থীদের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘ব্রোমেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি’ শিরোনামে বিডিনিউজ২৪ এর উক্ত ফটোকার্ডটির শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘ইউরোপের ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবিরের ৩ নেতাকর্মী’ প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বিডিনিউজ২৪ এর উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের প্রতিবেদন হতে জানা যায় যে, জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সাফল্য পেয়েছেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী। ‘মাল্টিকালচারাল ক্যাম্পাস কানেক্ট’ বা এমসিসি প্যানেল থেকে লড়ে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা নির্বাচিত হয়েছেন। নির্বাচিত তিন বাংলাদেশি শিক্ষার্থী হলেন শাহেদ রহমান, খালেদ বিন মুসা এবং মো. শাহরিয়ার মোল্লা
এছাড়াও, প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে, নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি শিক্ষার্থীর কোনো প্রকার রাজনৈতিক পরিচয় বা ছাত্রসংগঠনের সাথে যুক্ত থাকার তথ্য খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজে অনুসন্ধান করেও ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয়ী এই শিক্ষার্থীদের নিজেদের নেতাকর্মী হিসেবে দাবি করার মতো কোনো তথ্য কিংবা অভিনন্দন বার্তা খুঁজে পাওয়া যায় নি।
বিডিনিউজ২৪ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জয়ী ৩ শিক্ষার্থীর ছবি যুক্ত করে ‘ইউরোপের ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবিরের ৩ নেতাকর্মী’ শিরোনামে বিডিনিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Islami Chhatrashibir – Facebook Post
- Bdnews24 – Website
- Bdnews24 – Facebook Post

