মাদকবিরোধী অভিযানকালে র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যার দাবিটি মিথ্যা

গত ০৫ মে ‘মা’দ’ক বিরোধী অভিযানে র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে হ/ত্যা’ এমন দাবি ফেসবুক পেজে পোস্ট করেছেন কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ৫ মে নারায়ণগঞ্জ শহরে র‍্যাব-১১-এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দলের মাদকবিরোধী অভিযানকাল দুর্বৃত্তদের হামলায় তিনজন র‍্যাব সদস্য আহত হয়, এ ঘটনায় এখন অবধি আহত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ০৫ মে ‘নারায়ণগঞ্জে র‍্যাবের তিন গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র‍্যাব-১১ এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা র‍্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক (এসআই) নজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহী (২৫) ও ইব্রাহিম (২৫)।

পরবর্তীতে, এ ঘটনার বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (, ) থেকেও একই তথ্য জানা যায়।

এই প্রতিবেদন প্রকাশ অবধি আহত কারও মৃত্যুর তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, মাদকবিরোধী অভিযান চলাকালীন র‍্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: