জামায়াত ক্ষমতায় গেলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেওয়া হবে বলেননি তাহের, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “জামায়াত ক্ষমতায় এলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেয়া হবে” শীর্ষক শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ছবি সংযুক্ত করে তাহেরের বক্তব্য দাবিতে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তর এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত ক্ষমতায় এলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেয়া হবে’ শীর্ষক মন্তব্য করেননি জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং যুগান্তরও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুগান্তর এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যুগান্তর এর লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৭ অক্টোবর ২০২৫’ উল্লেখ রয়েছে।

যুগান্তর এর লোগোর সূত্র ধরে যুগান্তর এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও যুগান্তর এর ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, গত ২৫ অক্টোবরে “নিউইয়র্ক বিমানবন্দর থেকে আলাদা বের হওয়ার কারণ জানালেন জামায়াত নেতা তাহের” শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে শিরোনামের ফন্ট, তারিখের ফন্ট ও তারিখের অবস্থানের পার্থক্য লক্ষ্য করা যায়। পর্যবেক্ষণে দেখা যায় আলোচিত ফটোকার্ডটিতে ‘নিউইয়র্ক বিমানবন্দর থেকে আলাদা বের হওয়ার কারণ জানালেন জামায়াত নেতা তাহের’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘জামায়াত ক্ষমতায় এলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেয়া হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে এবং তারিখ পাল্টে ভিন্ন স্থানে ‘২৭ অক্টোবর ২০২৫’ লেখা হয়েছে।

অর্থাৎ, যুগান্তর এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

তাছাড়া, এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত মন্তব্য জামায়াত নেতা তাহেরের করার দাবির সপক্ষে যুগান্তর বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন “জামায়াত ক্ষমতায় এলে পুরুষদের চার বিয়ের স্বাধীনতা দেয়া হবে” শীর্ষক দাবিতে যুগান্তর এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: