৪৭তম বিসিএসে পুলিশ ও এডমিন ক্যাডারে সংখ্যালঘু কেউ সুপারিশপ্রাপ্ত না হওয়ার দাবিটি গুজব 

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল গত ২৮ জুন প্রকাশ করা হয়েছে। এরই প্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে, ‘৪৭ তম বি সি এসে র চুড়ান্ত ফলাফলে পুলিশ ও এডমিন ক্যাডারে মোটামুটি ৮০% এর মত শিবির।ছাত্রদলের ভাই বেরাদার দের জন্য ও ভালবাসা। আরো মজার বিষয় পুলিশ বা এডমিন ক্যাডারে সং্খ্যালঘু বা হিন্দু সম্প্রদায় থেকে আসা কেউই নাই। বি এন পি র প্রতি ভরসা রাখায় তাদের ও অভিনন্দন।’

অর্থাৎ, দাবি করা হয়েছে যে, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ বা এডমিন ক্যাডারে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় থেকে কেউ সুপারিশপ্রাপ্ত হোননি

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ বা এডমিন ক্যাডারে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় থেকে কেউ সুপারিশপ্রাপ্ত না হওয়ার দাবিটি সঠিক নয়। অনুসন্ধানে অন্যান্য ক্যাডারের মতো পুলিশ ও এডমিন (প্রশাসন) ক্যাডারেও সংখ্যালঘু কিংবা হিন্দু সম্প্রদায় থেকে সুপারিশপ্রাপ্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Gopal Debnath’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৮ জুনে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে গোপাল দেবনাথ লিখেন, তিনি ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন৷ এসময় তিনি সৃষ্টিকর্তা, পরিবার, শিক্ষক-শিক্ষিকাসহ সকল শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও, ‘Chandrima Dutta’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৮ জুনে ৪৭তম বিসিএস বিষয়ে প্রচারিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। পোস্টে চন্দ্রিমা দত্ত ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে জানান।

অনুসন্ধানে ‘Snigdha Banerjee’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৮ জুনে প্রচারিত আরেকটি পোস্ট পাওয়া যায়। পোস্টে স্নিগ্ধা ব্যানার্জি ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বলে জানান।

পাশাপাশি, ‘Subroto Sarker Palash’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গত ২৮ জুনে ৪৭তম বিসিএস বিষয়ে প্রচারিত একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। এতে বলা হয়, পোস্টকারীর ভাগ্নী মনীষা কুমকুম সরকার (রূপকথা) ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও, অনুসন্ধানে ‘Horichad TV নামের একটি ফেসবুক পেজে ৪৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়া নানা সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সম্পর্কে পোস্ট পাওয়া যায়। হরিচাঁদ টিভির ফেসবুক পেজের এসব পোস্ট থেকে জানা যায়, ৪৭তম বিসিএসে সঞ্জয় বর্মন, স্নিগ্ধা ব্যানার্জি, চন্দ্রিমা দত্ত, মনীষা কুমার সরকার পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও, উক্ত পেজের আরেকটি পোস্টে বলা হয়, ৪৭তম বিসিএসে প্রশাসন (এডমিন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চিন্ময়ী সরকার।

অনুসন্ধানে ‘Rajib Barai’ নামের একটি ফেসবুক পেজ থেকেও গত ২৮ জুনে ৪৭তম বিসিএস বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি তার বন্ধু ‘Aovijit Halder’ এর এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার বিষয়ে জানান।

এছাড়াও, ‘CHT Job Seekers’ নামের একটি ফেসবুক পেজ থেকেও আজ (২৯ জুন) প্রচারিত এক পোস্টের সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসে ‘হিজল চাকমা’ নামে এক ব্যক্তি এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

অর্থাৎ, উপরোল্লিখিত পোস্টগুলো পর্যালোচনা করলে স্পষ্ট যে ৪৭তম বিসিএসে পুলিশ ও এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া উপরোল্লিখিত ব্যক্তিবর্গরা হিন্দু ধর্মাবলম্বী বা সংখ্যালঘু সম্প্রদায়ের।

সুতরাং, ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ বা এডমিন ক্যাডারে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায় থেকে কেউ সুপারিশপ্রাপ্ত হননি শীর্ষক দাবিট মিথ্যা।

তথ্যসূত্র

Share: