আ.লীগকে ছাড়া ৫৭ হাজার সনাতন ধর্মালম্বী ভোটারের ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণার দাবিটি ভুয়া

সম্প্রতি ‘আ.লীগ ছাড়া ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিলেন ৫৭ হাজার সনাতন ধর্মালম্বী ভোটার’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ৫৭ হাজার সনাতন ধর্মালম্বী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া মন্তব্যকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘Iqbal Tv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘Iqbal Tv’ নামক ফেসবুক পেজে গত ২৬ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়।

‘Iqbal Tv’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। তাই এটির কোনো পোস্টকে গুরুত্ব না দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম দেশ টিভি ও যমুনা টিভির ওয়েবসাইটে গত ২৬ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদকে মনোনয়ন না দিলে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকার ৫৭ হাজার সনাতনী ভোটার ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত ২৬ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে ঝিনাইদহ-২ নির্বাচনি এলাকার ১১০টি পূজা মন্দির কমিটিসহ চারটি সনাতনী সংগঠন যৌথ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
উল্লিখিত ঘটনার ভিত্তিতে Iqbal Tv ব্যঙ্গাত্মকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে জড়িতে আলোচিত ফটোকার্ডটি প্রচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ফটোকার্ডে যুক্ত ছবিটির বিষয়ে অনুসন্ধানে বিবিসি বাংলার ওয়েবসাইটে ২০১৬ সালের ২৩ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিটির সাথে আলোচিত ফটোকার্ডে যুক্ত ছবিটির মিল রয়েছে।
উক্ত প্রতিবেদনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর করা একটি পরিসংখ্যান বিষয়ক তথ্যাবলীর সাথে আলোচিত ছবিটি যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, উক্ত ছবিটির সাথে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।
সুতরাং, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে ৫৭ হাজার সনাতন ধর্মালম্বী ভোটার ভোটকেন্দ্রে যাবে না বলে ঘোষণা দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Iqbal Tv – Facebook Post
- Desh TV – ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা ৫৭ হাজার সনাতনী ভোটারের
- Jamuna TV – ঝিনাইদহ-২ আসনের ৫৭ হাজার সনাতনীর ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা
- BBC NEWS বাংলা – বাংলাদেশে হিন্দু জনসংখ্যা বেড়েছে: বিবিএস

