সম্প্রতি, “কাল থেকে শুরু টানা ৮ দিনের লোক ডাউন” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১ লাখ ৪৮ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২১ সালে করোনা মহামারির প্রাদুর্ভাবকালে দেশে ৮ দিনের লকডাউন শুরুর সময়ের একটি পুরোনো সংবাদের ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে টেলিভিশন চ্যানেল মাই টিভির ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১৩ এপ্রিল ‘কাল থেকে টানা ৮ দিনের লকডাউন’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৯ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ডিবিসি নিউজের ওয়েবসাইটে ২০২১ সালের ১৪ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী আটদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সাধারণ ছুটির আওতায় জরুরি প্রয়োজন ছাড়া বাকি সবরকম সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া, সাম্প্রতিক সময়ে সারাদেশে লকডাউন ঘোষণা করার বিষয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। লকডাউন ঘোষণা করা হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, সাম্প্রতিক সময়ে দেশে ৮ দিনের লকডাউন ঘোষণার দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- mytv Bangladesh – কাল থেকে টানা ৮ দিনের লকডাউন
- DBC News – ৮ দিনের লকডাউন শুরু


