তোফায়েল আহমেদের জানাজা নিয়ে তারেক রহমানকে জড়িয়ে আব্দুন নূর তুষারের নামে ভুয়া মন্তব্য প্রচার

সাবেক মন্ত্রী ও দেশের প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ১ জুন সোমবার বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরই প্রেক্ষিতে উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার “তারেক রহমানের যদি আসলেই ইচ্ছা থাকতো তাহলে তোফায়েল আহমেদের জানাজায় বাধা দিতেন না। তোফায়েল আহমেদ কেবলমাত্র আওয়ামী লীগের নেতা না, উনি বাংলাদেশ সৃষ্টির অন্যতম কারিগর” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তোফায়েল আহমেদের জানাজা প্রসঙ্গে তারেক রহমানকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি করেননি আব্দুন নূর তুষার। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২ জুন প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, আব্দুন নূর তুষারের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তোফায়েল আহমেদের জানাজা প্রসঙ্গে তারেক রহমানকে জড়িয়ে আব্দুন নূর তুষারের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: