‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার থেকে মুচলেকা দিয়ে লন্ডনে যাওয়া অনেক বেশি সম্মানের’ বলে মন্তব্য করেননি ছাত্রদল নেতা আবিদুল

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আবিদুল ইসলাম বলেছেন, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার থেকে মুচলেকা দিয়ে লন্ডনে যাওয়া অনেক বেশি সম্মানের’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার থেকে মুচলেকা দিয়ে লন্ডনে যাওয়া অনেক বেশি সম্মানের’ শীর্ষক মন্তব্য করেননি আবিদুল। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আবিদুল ইসলাম ‘দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার থেকে মুচলেকা দিয়ে লন্ডনে যাওয়া অনেক বেশি সম্মানের’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Abidul Islam Khan – Facebook Page
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post
- Rumor Scanner Analysis

