আবিদুলের পোস্টের স্ক্রিনশট দাবিতে যত অপপ্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগপন্থী পোস্ট করা হয়েছিল- এমন দাবিতে কয়েকটি স্ক্রিনশট সম্প্রতি ভাইরাল হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত একটি স্ক্রিনশটে দেখা যায় আবিদুল ইসলাম ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বরের এক পোস্টে হাত দিয়ে বিশেষ এক অঙ্গভঙ্গির ছবির সংযুক্তিসহ ক্যাপশনে লিখেছেন, ‘সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য ❤️’। আলোচিত দাবিতে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আলোচিত দাবিতে প্রচারিত আরেকটি স্ক্রিনশটে দেখা যায় আবিদুল ইসলাম ২০১৮ সালের ৮ এপ্রিলে কোনো একটি আন্দোলনের ছবি প্রচার করেছেন এবং সে আন্দোলনের ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

আলোচিত দাবিতে প্রচারিত অপর একটি স্ক্রিনশটে দেখা যায় আবিদুল ইসলাম ২০২২ সালের ২১ জুনের এক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বন্যায় আক্রান্ত এলাকার একটি কোলাজ ছবি প্রচার করেছেন। আলোচিত দাবিতে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উপরোক্ত পোস্টগুলো প্রচার করে দাবি করা হয়েছে, বিগত নানাসময়ে এসব পোস্টের মাধ্যমে আবিদুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সমর্থন দিয়েছেন।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এসব পোস্টে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সমর্থন দেননি। প্রকৃতপক্ষে এর কোনোটাই শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল না। একটি পোস্টের স্ক্রিনশট সম্পাদনা করা হয়েছে এবং অপর দুইটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

স্ক্রিনশট যাচাই ১:

‘সকল ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর জন্য’ শীর্ষক ক্যাপশনের কথিত পোস্টটির বিষয়ে অনুসন্ধানে আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্টে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর একই ছবির সংযুক্তিসহ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়।

পোস্টের বর্তমান ক্যাপশন, ‘shape of papaya’ বা ‘পেঁপের আকৃতি’। পোস্টটির এডিট হিস্ট্রি পর্যবেক্ষণ করলে এ পর্যন্ত পোস্টটির ক্যাপশন তিনবার পরিবর্তন করতে দেখা যায়। পোস্টের সর্বপ্রথম ক্যাপশন ছিল, ‘Funny in midnight’ এবং ছবির ক্রেডিট হিসেবে ‘শান্ত ছেলে সরকার মাহবুব’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টকে মেনশন করতে দেখা যায়। তবে কোনো ক্যাপশনেই আলোচিত দাবিতে প্রচারিত ক্যাপশনের অনুরূপ কোনো ক্যাপশন বা শেখ হাসিনা, বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের কোনো নামের উল্লেখ পাওয়া যায়নি। অর্থাৎ, এ থেকে স্পষ্ট যে আলোচিত পোস্টটির স্ক্রিনশট নিয়ে তা সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

স্ক্রিনশট যাচাই ২:

আবিদুল ইসলামের অ্যাকাউন্টে আন্দোলনের ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্রচারিত স্ক্রিনশটের বিষয়ে অনুসন্ধানে ৯ এপ্রিল ২০১৮ সালে ৬টি ছবির সংযুক্তিসহ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়।

পোস্টের সংযুক্ত দ্বিতীয় ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আবিদুলের মূল পোস্টের বর্তমান ক্যাপশন, ‘কোটার সংস্কার চাই, করতে হবে’। পোস্টটির এডিট হিস্ট্রি পর্যবেক্ষণ করলে এ পর্যন্ত পোস্টটির ক্যাপশন পরিবর্তন বা ছবির সংযোজন মোট দশবার করতে দেখা যায়। পোস্টের সর্বপ্রথম ক্যাপশন ছিল, ‘প্রতি ফোটা রক্তের মূল্য দিতে হবে ধিক্কার ঢাবি প্রশাসন একজনের প্রাণ নিয়েছিস প্রয়োজনে হাজারটা প্রাণ নিবি, প্রয়োজনে আমিও প্রান দিব তবে আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। আজকে আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আজকে কার নির্দেশে আমাদের উপর গুলি ছাড়া হচ্ছে! আমাদের অপরাধ কী? অধিকার চেয়েছি তাইত? চরম মূল্য দিতে হবে এই রেেক্তর। যে যেই প্লেসে আছেন নেমে পড়ুন এই জানুয়ার পুলিশ গুলোর বিরুদ্ধে।’

আবিদুলের পোস্টের সব ক্যাপশনেই কোটা সংস্কারের দাবি জানানো হয়। আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম বিবিসি বাংলা’র ওয়েবসাইটে ২০১৮ সালের ৮ এপ্রিলে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়। ছবির বিষয়ে প্রতিবেদনে বলা হয়, এটি বাংলাদেশে চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের ছবি।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে উপরোক্ত ছবি দ্বারা আবিদুল ইসলাম শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের পক্ষে সমর্থন দেননি বরং তিনি কোটা সংস্কারের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন।

স্ক্রিনশট যাচাই ৩:

আবিদুল ইসলামের অ্যাকাউন্টে শেখ হাসিনা ও বন্যায় আক্রান্ত এলাকার কোলাজ ছবির প্রচারিত স্ক্রিনশটের বিষয়ে অনুসন্ধানে ২০২২ সালের ২১ জুনে সালে ৪টি ছবির সংযুক্তিসহ প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের সংযুক্ত তৃতীয় ছবিটি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আবিদুলের মূল পোস্টের ক্যাপশন, ‘জনতার পাশে দাঁড়াতে হিম্মত লাগে,ভোট লাগে এবং বৈধতা লাগে। পর্থক্যটা এখানেই, খুঁজে নিন।।

জার্নি বাই বোট, ট্রেন, বাস বহুত পড়েছেন বুবু এবার আপনাদের “জার্নি বাই হেলিকপ্টার” পড়িয়ে এলিট জাতি বানাবেন।।’

আবিদুলের মূল পোস্টে দুইটি কোলাজে সাধারণ মানুষের সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চারটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়েছিল।

অর্থাৎ, এ থেকে স্পষ্ট যে আবিদুল উক্ত পোস্টে শেখ হাসিনার সমর্থন দেননি বরং, খালেদা জিয়ার সাথে তুলনা করে শেখ হাসিনার সমালোচনা করেছেন।

সুতরাং, সম্পাদিত পোস্ট এবং শেখ হাসিনা সরকারের সমালোচনা করে বিগত সময়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের একাধিক পোস্টের ছবি ক্যাপশন ব্যতীত প্রচার করে দাবি করা হয়েছে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সমর্থন করে পোস্ট দিয়েছিলেন; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: