৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হয়ে ওঠা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরই প্রেক্ষিতে, নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাবা “এই রায় না দিয়ে আমাকে দুইটা ফ্ল্যাট দিলে ভালো হতো” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে আবু সাঈদের বাবার ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্য করেননি শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Gupto TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্র গুলো বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ‘এই রায় না দিয়ে আমাকে দুইটা ফ্ল্যাট দিলে ভালো হতো’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto TV – Facebook Post


